১৪ জুলাই ২০১৫ - ০৩:৪১
পরমাণু আলোচনা মঙ্গলবার শেষ হতে পারে: জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু ইস্যুতে দীর্ঘ আলোচনা মঙ্গলবার নাগাদ শেষ হতে পারে।

আবনা ডেস্ক : ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তেহরান ও ছয় জাতিগোষ্ঠীর মধ্যকার পরমাণু ইস্যুতে দীর্ঘ আলোচনা মঙ্গলবার নাগাদ শেষ হতে পারে।
ইরানের প্রেস টিভির সাংবাদিক হোমা লেজগি’র এক প্রশ্নের জবাবে প্যালেইস কোবার্গ হোটেলের ব্যালকনি থেকে জাওয়াদ জারিফ এ কথা জানিয়েছেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনার এ হোটেলেই টানা ১৭ দিন ধরে দু পক্ষের মধ্যে পরমাণু আলোচনা চলছে।
এদিকে, এক টুইটার বার্তায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, “যদি পরমাণু চুক্তিতে পৌঁছাতে পারি তাহলে কূটনীতির বিজয় হবে অর্থাৎ আমরা সবাই জিতব।” এর আগে, ইরানের একটি কূটনৈতিক সূত্র নিশ্চিত করেছে যে, সোমবার চূড়ান্ত চুক্তি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। কয়েক দফা চূড়ান্ত সময়সীমা পার হওয়ার পর ইরান ও ছয় জাতিগোষ্ঠীর পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা ভিয়েনায় একটি চূড়ান্ত চুক্তিতে পৌঁছানোর আপ্রাণ চেষ্টা করছেন।#